জাতীয়

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৬৬

ঢাকা, ৯ এপ্রিল – দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। আট এপ্রিল সকাল আটটা থেকে নয় এপ্রিল সকাল আটটা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৪৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ২৩ শিশু।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৮৭ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৬৪২ জনের শরীরে।

সরকারি হিসাব অনুযায়ী, দেশে এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা দুই হাজার ২৪১ জন। সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা আট হাজার ২৫১ জন। তবে চিকিৎসা গ্রহণ শেষে হাসপাতাল থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৮০১ জন রোগী।

এনএন/ ৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language