নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচার পুনরায় শুরু হচ্ছে

তেল আবিব, ৯ এপ্রিল – ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিনের ঝুলে থাকা দুর্নীতির মামলার বিচার কার্যক্রম আবারও শুরু হতে যাচ্ছে।
দেশটির আদালত জানিয়েছে আগামী রোববার থেকে এই বিচার প্রক্রিয়া পুনরায় শুরু হবে।
ইরানের সঙ্গে উত্তেজনার কারণে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহারের মাত্র কয়েক ঘণ্টা পরই বিচার শুরুর এই ঘোষণা দেওয়া হয়। আদালতের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে জরুরি অবস্থা প্রত্যাহার এবং বিচার বিভাগের স্বাভাবিক কার্যক্রম ফিরে আসায় প্রধানমন্ত্রীর মামলার শুনানি শুরু হচ্ছে। প্রতি সপ্তাহের রোববার থেকে বুধবার পর্যন্ত এই মামলার নিয়মিত শুনানি চলবে।
ইসরায়েলের ইতিহাসে নেতানিয়াহুই প্রথম প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকা অবস্থায় ফৌজদারি অপরাধের অভিযোগের মুখোমুখি হয়েছেন। দীর্ঘ কয়েক বছরের তদন্তের পর ২০১৯ সালে তার বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। তবে শুরু থেকেই ইসরায়েলি প্রধানমন্ত্রী এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে আসছেন।
২০২০ সালে শুরু হওয়া এই বিচার প্রক্রিয়ায় অভিযোগ প্রমাণিত হলে তার কারাদণ্ড হতে পারে। কিন্তু দাপ্তরিক নানা কারণ ও রাষ্ট্রীয় ব্যস্ততার অজুহাতে বিচার কার্যক্রম বারবার পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে এই মামলার চূড়ান্ত রায় কবে হবে তা এখনও নিশ্চিত নয়।
এনএন/ ৯ এপ্রিল ২০২৬









