আবু সাঈদ হ*ত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যু*দণ্ড, ২৮ জনের কারাদণ্ড

রংপুর, ৯ এপ্রিল – জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম ওরফে নয়ন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব। এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছিল।
এর মধ্যে মাত্র ছয়জন বর্তমানে কারাগারে রয়েছেন এবং তাদের বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। অন্যদিকে সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ মামলার ২৪ জন আসামি এখনো পলাতক রয়েছেন।
পলাতকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মো. মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. মনিরুজ্জামান, সাবেক উপকমিশনার মো. আবু মারুফ হোসেন এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মো. মাহাফুজুর রহমানসহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা ও নেতা।
এর আগে গত ৫ মার্চ উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য দিন ধার্য করা হয়েছিল। উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের সামনের পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলাটি দায়ের করা হয়।
এস এম/ ৯ এপ্রিল ২০২৬









