শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন: সেতুমন্ত্রী

ঢাকা, ৯ এপ্রিল – খুব শিগগিরই দেশে চলাচলকারী এসি বাস ও মিনিবাসের জন্য সুনির্দিষ্ট ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের লিখিত জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান যে সড়ক পরিবহন আইন ২০১৮ এর অধীনে প্রতিটি মহানগর বিভাগ ও জেলায় যাত্রী এবং পণ্য পরিবহন কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এই কমিটিগুলো নিজ নিজ এলাকার সড়কের ধারণক্ষমতা বিবেচনা করে যানবাহনের সংখ্যা নির্ধারণ এবং রুট পারমিটের অনুমোদন দিয়ে থাকে। একই আইনের ধারা মোতাবেক সরকারি গেজেট জারির মাধ্যমে গণপরিবহনের ভাড়ার হার এবং সর্বনিম্ন ভাড়া নির্ধারণ অথবা পুনর্নির্ধারণ করা হয়।
বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করার পাশাপাশি গণপরিবহনের ভেতরে যাত্রীদের সহজে দেখার জন্য দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেয়। সেতুমন্ত্রী আরও উল্লেখ করেন বর্তমানে কেবল নন এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা কার্যকর রয়েছে। তাই অচিরেই এসি বাসের জন্য আলাদা তালিকা তৈরি করে তা ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে যাত্রীদের সামনে তুলে ধরার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস এম/ ৯ এপ্রিল ২০২৬









