মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতি ঘোষণার পরই সৌদি আরবের তেলকেন্দ্রে ভয়াবহ অগ্নি*কাণ্ড

রিয়াদ, ৯ এপ্রিল – ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সৌদি আরবের আবকাইকে অবস্থিত গুরুত্বপূর্ণ তেল প্রক্রিয়াকরণ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইউরোপীয় মহাকাশ সংস্থার স্যাটেলাইট থেকে প্রাপ্ত সর্বশেষ চিত্রে সৌদি আরামকোর এই স্থাপনা থেকে আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।

বুধবার ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হামলার খবর প্রকাশের পরপরই এই চিত্রগুলো সামনে আসে। স্যাটেলাইট ছবিটি বুধবার সকাল দশটার দিকে ধারণ করা হয়েছে। এটি মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতি ঘোষণার অল্প সময় পরের ঘটনা। আরামকোর তথ্য অনুযায়ী বিশ্বের বৃহত্তম এই অপরিশোধিত তেলশোধন কেন্দ্রটি বিশ্ববাজারের মোট চাহিদার প্রায় পাঁচ শতাংশ সরবরাহ করে।

এখান থেকেই অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের পর সৌদি আরবের পূর্ব ও পশ্চিম উপকূলীয় পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন দেশে রফতানি করা হয়। বর্তমানে হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার কারণে সমুদ্রপথের বাণিজ্য ব্যাহত হচ্ছে।

এই পরিস্থিতিতে লোহিত সাগরের ইয়ানবু বন্দরের সঙ্গে সংযোগকারী পাইপলাইনটি তেল রফতানির প্রধান বিকল্প পথ হয়ে উঠেছে। ফলে আবকাইক স্থাপনায় অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতি বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকটের পূর্বাভাস দিচ্ছে। তবে অগ্নিকাণ্ড বা ক্ষয়ক্ষতির বিষয়ে সৌদি আরামকো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

এস এম/ ৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language