জাতীয়

ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টির শঙ্কা

ঢাকা, ৯ এপ্রিল – রাজধানী ঢাকায় গতকাল সন্ধ্যার পর থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত বৃষ্টির সুনির্দিষ্ট পরিমাণ এখনো জানা যায়নি। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুধু রাজধানী নয়, দেশের প্রায় সব জায়গায় বৃষ্টি হয়েছে।

আজ সকাল থেকেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এসব অঞ্চলের বিভিন্ন স্থানে দিনের বিভিন্ন সময়ে আরও বৃষ্টিপাতের পাশাপাশি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ১২ ঘণ্টায় চুয়াডাঙ্গায় ৪৬ মিলিমিটার, যশোরে ২৭ মিলিমিটার, নীলফামারীর ডিমলায় ৩১ মিলিমিটার এবং গোপালগঞ্জে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বর্তমানে রাজধানীর কাছাকাছি মেঘের একটি সেল অবস্থান করছে। এর ফলে দুপুর বারোটার পর আকাশ আবারও মেঘলা হয়ে উঠতে পারে। রাজধানীর বিভিন্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

এস এম/ ৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language