জাতীয়

ঢাকায় সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমী গ্রেফতার

লালমনিরহাট, ৯ এপ্রিল – আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর মোহাম্মদপুর আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল।

গ্রেফতার হওয়া সফুরা বেগম রুমী লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করছিলেন। লালমনিরহাট ডিবি পুলিশ সূত্র জানিয়েছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই তিনি লোকচক্ষুর অন্তরালে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক সুনির্দিষ্ট মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকার মোহাম্মদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ এই গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ আরও জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে দ্রুততম সময়ের মধ্যে লালমনিরহাটে নিয়ে যাওয়া হবে এবং সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।

এস এম/ ৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language