ইসলামাবাদে শান্তি সংলাপে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন জে ডি ভ্যান্স

ওয়াশিংটন, ৯ এপ্রিল – ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার অবসানে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই শান্তি আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।
গতকাল বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।
ক্যারোলিন লিভিট জে ডি ভ্যান্সকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, যুদ্ধের শুরু থেকেই ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এই যুদ্ধ সংক্রান্ত যাবতীয় আলোচনায় তিনি নিবিড়ভাবে যুক্ত ছিলেন।ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সংলাপেও তিনি যুক্তরাষ্ট্রের পক্ষে প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
মার্কিন এই প্রতিনিধিদলে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারও উপস্থিত থাকবেন।
গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি প্রক্রিয়া শুরু হয়। এর আগে গত মার্চের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১৫ দফার একটি প্রস্তাব পাঠানো হলেও ইরান তা প্রত্যাখ্যান করে। পরবর্তীতে এপ্রিলের শুরুতে সংশোধিত আরেকটি প্রস্তাব তেহরানে পাঠানো হয়। এই নতুন প্রস্তাবে ৪৫ দিনের প্রাথমিক যুদ্ধবিরতি এবং পরবর্তীতে স্থায়ী সমাধানের কথা বলা হয়েছে।
অন্যদিকে ইরানও নিজেদের ১০ দফা দাবি সম্বলিত একটি পাল্টা প্রস্তাব ওয়াশিংটনে পাঠিয়েছে। এই দুই প্রস্তাবের ওপর ভিত্তি করেই ইসলামাবাদে আলোচনা হবে। আগামী ১০ এপ্রিল আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
সবকিছু ঠিক থাকলে ১০ বা ১১ এপ্রিল থেকে এই সংলাপ শুরু হবে। ইরানের পক্ষ থেকে প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহম্মদ বাঘের গালিবাফ।
এনএন/ ৯ এপ্রিল ২০২৬









