দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, ২২ ক্যারেট এখন ২ লাখ ৪৭ হাজার

ঢাকা, ৯ এপ্রিল – দেশের বাজারে সোনা এবং রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস। স্থানীয় বুলিয়ন মার্কেটে বিশুদ্ধ সোনার দাম কমে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে বলে বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি সোনায় সর্বোচ্চ চার হাজার ৪৩২ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এর ফলে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায় দাঁড়িয়েছে।
এর আগে বুধবার এই মানের সোনার দাম ছিল দুই লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। পাশাপাশি অন্যান্য ক্যারেটের দামও পুনঃনির্ধারণ করা হয়েছে। বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের দাম দুই লাখ দুই হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম এক লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম কমার সাথে সাথে রুপার দামেও পতন ঘটেছে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম পাঁচ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট রুপা পাঁচ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট চার হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম তিন হাজার ৫০০ টাকা করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বেশ কিছুদিন ধরে সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। গত জানুয়ারি মাসের শেষের দিকে বিশ্ববাজারের প্রভাবে দেশের বাজারেও সোনার দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। সে সময় এক লাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়েছিল বাজুস, যার ফলে ভালো মানের এক ভরি সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ দুই লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছেছিল।
এনএন/ ৯ এপ্রিল ২০২৬









