মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫৪, আহত ১১০০

বৈরুত, ৯ এপ্রিল – লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের ব্যাপক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫৪ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত এক হাজার ১০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৫ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এই যুদ্ধবিরতিকে স্থায়ী করার লক্ষ্যে কূটনৈতিক আলোচনা চলার মাঝেই বুধবার লেবাননজুড়ে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে এই অভিযানে তাদের ৫০টি যুদ্ধবিমান অংশ নেয়। মাত্র ১০ মিনিটে পুরো লেবাননে ১০০ বারের বেশি বোমাবর্ষণ করা হয়েছে। অধিকাংশ হামলাই চালানো হয়েছে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে বৈরুতসহ অন্যান্য শহরের হাসপাতালগুলো হতাহতদের সামলাতে হিমশিম খাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীদের চরম বেগ পেতে হচ্ছে।

উল্লেখ্য আশির দশকে প্রতিষ্ঠিত লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমন করতে ২০২৪ সালের সেপ্টেম্বরে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। পরবর্তীতে ২০২৫ সালের অক্টোবরে আন্তর্জাতিক চাপে লেবানন সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

তবে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। ২ মার্চ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে পুনরায় বিমান ও স্থল অভিযান শুরু করে ইসরায়েল।

এদিকে চলমান যুদ্ধবিরতি আলোচনায় লেবাননকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ইরান। বুধবারের হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ বলেছে লেবাননে আক্রমণ অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসার হুমকি দিয়েছে তেহরান।

এনএন/ ৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language