যাত্রী অসুস্থ হওয়ায় উড্ডয়নের ঠিক আগে রানওয়ে থেকে ফিরল বিমানের ফ্লাইট

ঢাকা, ৯ এপ্রিল – বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেন্নাইগামী একটি ফ্লাইট উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ড আগে রানওয়ে থেকে ফিরে আসার ঘটনা ঘটেছে।
বুধবার ৮ এপ্রিল বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৩৬৩ ফ্লাইটটির উড্ডয়নের নির্ধারিত সময় ছিল। কিন্তু রানওয়েতে থাকা অবস্থায় হঠাৎ একজন যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে ওই যাত্রীকে ফ্লাইটে অক্সিজেন সহায়তা দেওয়া হয় এবং ফ্লাইটটি বোর্ডিং ব্রিজে ফিরিয়ে আনা হয়।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের নিরাপত্তা ও জরুরি চিকিৎসাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় উড্ডয়নের আগ মুহূর্তে কেবিন ক্রু পাইলটকে যাত্রীর অসুস্থতার বিষয়টি অবহিত করেন। পাইলট দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি টাওয়ারে যোগাযোগ করে উড্ডয়ন বাতিল করার কথা জানান।
এ সময় পাইলট এটিসিকে জানান যে যাত্রীর জন্য মেডিকেল সাপোর্ট প্রয়োজন এবং রোগীকে ফ্লাইটে অক্সিজেন দেওয়া হচ্ছে। এটিসি থেকে জানানো হয় দুটি সামরিক উড়োজাহাজ অবতরণের পর তাকে বোর্ডিং ব্রিজে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। পরবর্তীতে সামরিক উড়োজাহাজ অবতরণের পর ফ্লাইটটি বোর্ডিং ব্রিজে ফিরে যায় এবং অসুস্থ যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়।
অসুস্থ রোগীকে নামানোর পর প্রায় দুই ঘণ্টা পিছিয়ে দুপুর ১টা ১০ মিনিটে ফ্লাইটটি চেন্নাইয়ের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বোয়িং ৭৩৭ মডেলের এই উড়োজাহাজটি ২ ঘণ্টা ২৭ মিনিটের যাত্রা শেষে বিকেল ৩টা ৭ মিনিটে চেন্নাইয়ে অবতরণ করে।
এনএন/ ৯ এপ্রিল ২০২৬









