লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১১২: আলোচনা বাতিলের হুমকি ইরানের

বৈরুত, ৮ এপ্রিল – লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পরপরই বুধবার লেবাননে এই ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক এই হামলায় এখন পর্যন্ত ১১২ জনের মৃত্যু হয়েছে এবং আট শতাধিক মানুষ আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
লেবাননে ইসরায়েলের এই অব্যাহত হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান মধ্যস্থতাকারী দেশগুলোকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, লেবাননে অবিলম্বে হামলা বন্ধ না হলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনায় বসবে না।
আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে উভয় পক্ষের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে লেবাননে আগ্রাসন অব্যাহত থাকলে এই বৈঠক বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে তেহরান। এমনকি উপসাগরীয় আরব দেশগুলোতে পুনরায় হামলা শুরু হতে পারে বলেও সতর্কতা উচ্চারণ করেছে দেশটি।
এর আগে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার সময় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছিলেন, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ের মিত্র গোষ্ঠীগুলোও অন্তর্ভুক্ত থাকবে। এর অর্থ ছিল হিজবুল্লাহর ওপরও ইসরায়েলি হামলা বন্ধ হবে। কিন্তু ইসরায়েল সেই চুক্তি লঙ্ঘন করে লেবাননে নতুন করে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
এনএন/ ৮ এপ্রিল ২০২৬









