জাতীয়

জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের ১৩টি অধ্যাদেশ আইনে পরিণত

ঢাকা, ৮ এপ্রিল – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পূর্ণাঙ্গ আইনে পরিণত হয়েছে।

বুধবার সংসদ অধিবেশনের ১১তম দিনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের উত্থাপিত এসব বিল কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

পাস হওয়া বিলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আইনি ভিত্তি প্রদানকারী সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী। এদিন সকালের অধিবেশনে বেশ কয়েকটি বিল পাস হয়। এর মধ্যে রয়েছে সন্ত্রাসবিরোধী সংশোধন আইন ২০২৬, সরকারি হিসাব নিরীক্ষা আইন ২০২৬, প্রোটেকশন অ্যান্ড কনসারভেশন অব ফিস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০২৬, শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর সংশোধন আইন ২০২৬ এবং পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ সংশোধন আইন ২০২৬।

অন্যদিকে বিকালের অধিবেশনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়। এগুলো হলো জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ আইন ২০২৬, জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ আইন ২০২৬, স্থানিক পরিকল্পনা আইন ২০২৬, পরিত্যক্ত বাড়ি সম্পূরক বিধানাবলী আইন ২০২৬, বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন আইন ২০২৬, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন আইন ২০২৬, বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল রহিতকরণ আইন ২০২৬ এবং কোড অব সিভিল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০২৬।

এর মাধ্যমে দেশের আইনি কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনএন/ ৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language