হাদি হত্যা মামলার দুই আসামিকে ফেরত দিতে সম্মত ভারত

ঢাকা, ৮ এপ্রিল – হাদি হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে ভারত। নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই কথা জানিয়েছেন।
নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে যে বৈঠকে ওসমান হাদি হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয় দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী গ্রেপ্তার দুজনকে বাংলাদেশে ফেরত পাঠাতে উভয়পক্ষ সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গেও আলোচনা করেন।
এর আগে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এসব বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।
আলোচনায় উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার গুরুত্বের ওপর জোর দেয় এবং প্রধান আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে।
ড. খলিলুর রহমান জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সবার আগে বাংলাদেশ নীতি অনুসরণ করে পারস্পরিক আস্থা সম্মান ও উভয়পক্ষের স্বার্থরক্ষার ভিত্তিতে পররাষ্ট্র নীতি পরিচালনা করবে।
অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা বিশেষ করে মেডিকেল ও ব্যাবসা ভিসা দেওয়ার প্রক্রিয়া সামনের সপ্তাহগুলোতে আরও সহজ করা হবে।
পাশাপাশি ভারতকে ডিজেল সরবরাহের জন্য মন্ত্রী হরদীপ পুরিকে ধন্যবাদ জানান খলিলুর রহমান এবং ডিজেল ও সার সরবরাহের পরিমাণ বাড়ানোর অনুরোধ করেন। এই অনুরোধটি ভারত সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে মন্ত্রী হরদীপ জানিয়েছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারত অত্যন্ত আগ্রহী।
এনএন/ ৮ এপ্রিল ২০২৬









