লেবাননে ১০ মিনিটে ইসরায়েলের ১০০ বিমান হামলা, হতাহত অসংখ্য

বৈরুত, ৮ এপ্রিল – লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন অঞ্চলে নজিরবিহীন ও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননের প্রায় একশটি স্থানে এই হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। এর ফলে বহু সংখ্যক মানুষের হতাহতের খবর পাওয়া গেছে।
সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক নূর ওদেহ জানিয়েছেন, ১৯৮২ সালের পর লেবাননে এটিই ইসরায়েলের সবচেয়ে বড় হামলার ঘটনা। তিনি আরও উল্লেখ করেন, বৈরুতের যেসব এলাকায় সাধারণত হিজবুল্লাহ যোদ্ধাদের উপস্থিতি থাকে না, এবার সেসব স্থানেও অপ্রত্যাশিতভাবে হামলা চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরানের সঙ্গে একটি যুদ্ধবিরতির পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিজ দেশে সমালোচনার মুখে পড়তে হয়। ধারণা করা হচ্ছে, এর পরপরই লেবাননে হামলার মাত্রা বৃদ্ধি করেছে ইসরায়েল।
এদিকে, লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরদ্দিন জানিয়েছেন, ইসরায়েলের এই আকস্মিক ও ব্যাপক হামলার কারণে হাসপাতালগুলো মৃত ও আহত মানুষে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ইসরায়েল এখন সম্পূর্ণ প্রতিরক্ষাবিহীন বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হত্যাযজ্ঞ চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, ইসরায়েল যুদ্ধ বন্ধের সকল আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করছে। একইসঙ্গে তারা আন্তর্জাতিক মানবিক আইনের নীতিগুলোকেও চরম অবজ্ঞা করছে।
উদ্ভূত পরিস্থিতিতে সম্ভাব্য সকল উপায়ে এই আগ্রাসন বন্ধে মিত্র দেশগুলোর প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী।
এনএন/ ৮ এপ্রিল ২০২৬









