সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ: ৩ দিন ধীরগতির হতে পারে ইন্টারনেট সেবা

কুয়াকাটা, ৮ এপ্রিল – বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি বা বিএসসিপিএলসি জানিয়েছে যে সাবমেরিন ক্যাবল সিস্টেমে রক্ষণাবেক্ষণ কাজের কারণে দেশে ইন্টারনেট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিমিউই ৫ এর কনসোর্টিয়ামের একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
আগামী ৯ এপ্রিল রাত দশটা থেকে ১৩ এপ্রিল ভোর ছয়টা পর্যন্ত মোট তিন দিন আট ঘণ্টা এই কার্যক্রম চলবে। এই সময়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। এর ফলে দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা ধীরগতি বা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন। তবে রক্ষণাবেক্ষণ চলাকালে বিএসসিপিএলসির অপর সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায় যে সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা পুনরায় নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্টরা। গ্রাহক ও সংশ্লিষ্টদের এই সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
এস এম/ ৮ এপ্রিল ২০২৬









