যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন পোপ চতুর্দশ লিও

ওয়াশিংটন, ৮ এপ্রিল – যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে গভীর সন্তোষের সঙ্গে স্বাগত জানিয়েছেন পোপ চতুর্দশ লিও। বুধবার ভ্যাটিকানে দেওয়া এক ভাষণে এই সাময়িক বিরতিকে বিশ্বশান্তির পথে নতুন এক আশার আলো বলে অভিহিত করেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে পোপ তাঁর বক্তব্যে স্পষ্টভাবে জানিয়েছেন যে কেবল আলোচনার টেবিলে ফিরে আসার মাধ্যমেই এই বিধ্বংসী সংঘাতের চূড়ান্ত অবসান ঘটানো সম্ভব।
চলমান এই অত্যন্ত সংবেদনশীল কূটনৈতিক পরিস্থিতিতে তিনি বিশ্ববাসীকে প্রার্থনায় যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন আলোচনার এই পথ বিশ্বের অন্যান্য সংঘাতময় পরিস্থিতি সমাধানের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে। এর আগে গত মঙ্গলবার ইরানের জনগণের বিরুদ্ধে দেওয়া হুমকির তীব্র সমালোচনা করেছিলেন পোপ চতুর্দশ লিও।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করে পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার যে মন্তব্য করেছিলেন তার কয়েক ঘণ্টার মধ্যেই পোপ এই ধরনের হুমকিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেন। বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় তিনি বিবদমান পক্ষগুলোকে অস্ত্র সংবরণ করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন।
এস এম/ ৮ এপ্রিল ২০২৬









