ট্রাম্পকে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হয়েছে ডিজিটাল মিম যুদ্ধ

ওয়াশিংটন, ৮ এপ্রিল – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক ও কূটনৈতিক উত্তেজনার মধ্যেই ডিজিটাল প্ল্যাটফর্মে শুরু হয়েছে এক অভিনব ব্যঙ্গাত্মক লড়াই। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া এই মিম যুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যুতে দীর্ঘদিন ধরেই কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে আসছেন ট্রাম্প। তিনি কখনো দাবি করেছেন ইরান তার সক্ষমতা হারিয়েছে আবার কখনো দেশটিতে শাসন পরিবর্তনের কথা বলেছেন। সম্প্রতি তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া একাধিক বক্তব্যকে ঘিরেই শুরু হয় এই অনলাইন প্রতিক্রিয়া।
বিশেষ করে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্পের কড়া ভাষার পোস্ট ইরানের কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। এর জবাবে ইরানের বিভিন্ন দূতাবাস ও কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইংরেজি ভাষায় তৈরি মিম ও ব্যঙ্গাত্মক পোস্ট ছড়িয়ে দিতে শুরু করেন। এসব পোস্টের মূল লক্ষ্য ছিল ট্রাম্পের বক্তব্যকে বিদ্রূপ করা। গত ৩০ মার্চ দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানের দূতাবাস একটি মিম পোস্ট করে জানায় যে হরমুজ প্রণালির চাবি হারিয়ে গেছে তাই এটি খোলা যাচ্ছে না।
পরে একই সুরে জিম্বাবুয়ে ও বুলগেরিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস থেকেও চাবি হারিয়েছি উল্লেখ করে পোস্ট দেওয়া হয়। তবে ঘটনাটি আরও মজার মোড় নেয় যখন হরমুজ খোলার সিদ্ধান্তের প্রেক্ষাপটে জিম্বাবুয়ের ইরানি দূতাবাস আবার পোস্ট দিয়ে জানায় যে তারা চাবি খুঁজে পেয়েছে। এর পাশাপাশি গত ৫ এপ্রিল দক্ষিণ আফ্রিকার ইরানি দূতাবাস এক পোস্টে ব্যঙ্গ করে লেখে যুক্তরাষ্ট্র শুধু হলিউডেই যুদ্ধ জেতে যা আন্তর্জাতিক মহলে ব্যাপক হাস্যরসের জন্ম দেয়। ট্রাম্পের নির্ধারিত সময়সীমা নিয়েও ব্যঙ্গ করে আরেকটি পোস্ট দেয় জিম্বাবুয়ের দূতাবাস।
সেখানে বলা হয় রাত ৮টা সময়টি সুবিধাজনক নয় এটি দুপুর ১টা থেকে ২টার মধ্যে কিংবা সম্ভব হলে রাত ১টা থেকে ২টার মধ্যে পরিবর্তন করা যায় কি না এমন ভদ্র অনুরোধ জানানো হয়। বিশেষজ্ঞদের মতে এই ধরনের অনলাইন কার্যক্রম এখন বৈশ্বিক তথ্যযুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ। তাদের ভাষায় যে মিম নিয়ন্ত্রণ করে সেই জনমত নিয়ন্ত্রণ করে। ফলে প্রচলিত সামরিক উত্তেজনার পাশাপাশি বর্তমান সংঘাত ক্রমেই রূপ নিচ্ছে ডিজিটাল প্রচারণা ও মনস্তাত্ত্বিক লড়াইয়ে।
এস এম/ ৮ এপ্রিল ২০২৬









