ইরানের সঙ্গে ২ সপ্তাহের যুদ্ধবিরতির পর ট্রাম্পের চূড়ান্ত বিজয় দাবি

ওয়াশিংটন, ৮ এপ্রিল – ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, এই সংঘাতে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে।
গতকাল মঙ্গলবার ইরান এই যুদ্ধবিরতিতে সম্মতি জানানোর পর সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।
মার্কিন প্রেসিডেন্ট এএফপিকে জানান, এটি তাদের সম্পূর্ণ এবং সর্বাত্মক বিজয়, যা একদম শতভাগ নিশ্চিত। এ বিষয়ে আর কোনো সন্দেহের অবকাশ নেই।
এর আগে গত মার্চের মাঝামাঝি সময়ে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানকে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে তিনি ৪৫ দিনের যুদ্ধবিরতির উল্লেখ করে একটি সংশোধিত প্রস্তাব পাঠান। ওই প্রস্তাব পর্যালোচনা করে মঙ্গলবার ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতির পক্ষে মত দেয়। প্রেসিডেন্ট ট্রাম্পও এই সিদ্ধান্তে সম্মতি জ্ঞাপন করেন।
এর আগের দিনগুলোতে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তিনি সতর্ক করেছিলেন যে, ইরান যদি সমঝোতা চুক্তিতে না আসে, তবে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুসহ সব গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।
এই দুই সপ্তাহের যুদ্ধবিরতি ব্যর্থ হলে বা ইরান সমঝোতায় না এলে তিনি ওই হুমকি বাস্তবায়ন করবেন কিনা, এএফপির এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এ ক্ষেত্রে সবাইকে ধৈর্য ধরতে হবে। তিনি আশা প্রকাশ করেন, চীন এ বিষয়ে এগিয়ে আসবে। ট্রাম্পের বিশ্বাস, এই দুই সপ্তাহের মধ্যে ইরানকে আলোচনার টেবিলে আনতে এবং সমঝোতা চুক্তিতে পৌঁছাতে চীন সহযোগিতা করবে।
এনএন/ ৮ এপ্রিল ২০২৬









