উত্তর আমেরিকা

নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত চার

নিউইয়র্ক, ৮ এপ্রিল – যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ মোট চারজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার রাতে নিউইয়র্কের ব্রঙ্কস থেকে আলবানি যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

কলম্বিয়া কাউন্টি শেরিফের দপ্তর থেকে জানানো হয়েছে, ক্লেভরেক এলাকার স্পুক রক রোডে দুটি গাড়ির মধ্যে সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ২৯ বছর বয়সী নাজমুল রুবেল, তার বাবা হীরামনি এবং রুবেলের এক বন্ধু।

অন্যদিকে দুর্ঘটনায় অপর গাড়িতে থাকা ৬২ বছর বয়সী এক নারীও মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩৩ বছর বয়সী রত্না এবং তার এক বছর বয়সী শিশুকন্যা। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাদের আলবানি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

নিহত ও আহত এই বাংলাদেশিদের আদি নিবাস কুমিল্লার মুরাদনগর উপজেলায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এনএন/ ৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language