ট্রাম্পের হুমকির কড়া জবাব তেহরানের, বিদ্যুৎকেন্দ্রে মানবঢাল

তেহরান, ৮ এপ্রিল – সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানি সভ্যতা পুরোপুরি মুছে ফেলার হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ জানিয়েছেন যে হাজার বছর ধরে শত্রুদের এমন বিভ্রান্তি কাটিয়ে ইরানি সভ্যতা জয়লাভ করে আসছে।
ট্রাম্পের হুমকিতে ইরান মোটেই ভীত নয় বলে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন। শত্রুর যেকোনো বর্বরতার জবাবে তাদের অবস্থান অনড় এবং তারা নিজ জাতির শক্তির ওপর সম্পূর্ণ আস্থাশীল।
অন্যদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান যে একটি সভ্য জাতির সংস্কৃতি ও বিশ্বাসের শক্তি যেকোনো পাশবিক শক্তিকে পরাজিত করতে সক্ষম। নিজেদের অধিকার ও বৈধ স্বার্থ রক্ষায় তারা সব ধরনের সামর্থ্য কাজে লাগাবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আশঙ্কায় ইরানের দক্ষিণাঞ্চলের বিদ্যুৎকেন্দ্রগুলোতে স্থানীয় বাসিন্দাদের নিয়ে মানবঢাল তৈরি করা হয়েছে। ট্রাম্পের এমন হুমকি ইরানের সরকারের মধ্যে নতুন করে প্রতিরোধ শক্তি সঞ্চার করেছে। তেহরান স্পষ্ট করে জানিয়েছে যে আপাতত তারা আর কোনো যোগাযোগে জড়াবে না।
বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার ব্যবধান ঘুচিয়ে আনা প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। এই পরিস্থিতির পেছনে ইসরায়েলের বড় ভূমিকা রয়েছে। মার্কিন অবস্থানকে আরও কঠোর করার জন্য তেল আবিব ক্রমাগত চাপ প্রয়োগ করছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরানিদের সামনে এখন আত্মসমর্পণ অথবা যুদ্ধ ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। এ অবস্থায় বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে ইরানের সশস্ত্র বাহিনীও সমানুপাতিক পাল্টা হামলা চালানোর কড়া ঘোষণা দিয়েছে।
এনএন/ ৮ এপ্রিল ২০২৬









