তিন মাসের মধ্যে বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ হাইকোর্টের

ঢাকা, ৭ এপ্রিল – আগামী তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য একটি পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট দুই বিচারপতির স্বাক্ষরের পর মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৮৫ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়।
বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়েছেন। একই সঙ্গে রায়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বিধানের ক্ষমতা পুনরায় সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
রায়ে সরকারকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী আদেশের তারিখ হতে তিন মাসের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য একটি স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে।
উল্লেখ্য, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে গত ৩০ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়। এর মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পুরোপুরি পৃথক হওয়ার কথা বলা হয়েছে।
এর আগে গত ২০ নভেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
এনএন/ ৭ এপ্রিল ২০২৬









