সুবর্ণচরে তেল নেই বলায় ফিলিং স্টেশনে যুবকদের হামলা, আটক ২

নোয়াখালী, ৭ এপ্রিল – নোয়াখালীর সুবর্ণচরে জ্বালানি তেল শেষ হয়ে গেছে বলায় একটি ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল যুবক। এ সময় স্থানীয় লোকজন দুই হামলাকারীকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
মঙ্গলবার বিকেলে চরজব্বর থেকে চেয়ারম্যান ঘাট সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন নূরানী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
পাম্পের ম্যানেজার মো. ফারুক হোসেন জানান যে সকাল থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত স্বাভাবিকভাবে তেল বিক্রি করা হয়েছে। বিকেল পাঁচটার দিকে কয়েকজন যুবক এসে তেল চাইলে মজুত শেষ হয়ে যাওয়ার কথা জানানো হয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা অফিস কক্ষসহ ফিলিং স্টেশনের দরজা ও জানালা ব্যাপক ভাঙচুর করে। এ ঘটনায় চরজব্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান যে খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের হাতে আটক দুই যুবককে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। পাম্প কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
এনএন/ ৭ এপ্রিল ২০২৬









