সংসদে অন্তর্বর্তী সরকারের ১৪টি অধ্যাদেশ বিল আকারে পাস

ঢাকা, ৭ এপ্রিল – অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে ১৪টি অধ্যাদেশ বিল আকারে জাতীয় সংসদে পাস হয়েছে। এছাড়া আরও দুটি অধ্যাদেশ আইনে রূপান্তরের লক্ষ্যে বিল আকারে উত্থাপন করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিন মঙ্গলবার ৭ এপ্রিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা এসব বিল উত্থাপন করেন। এদিন সকালে আটটি এবং বিকালে ছয়টিসহ মোট ১৪টি বিল পাস হয়।
বিকালের অধিবেশনে পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে নির্দিষ্টকরণ সম্পূরক আইন ২০২৬, নির্দিষ্টকরণ আইন ২০২৬, বিদ্যুৎ ও জ্বালানী দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান রহিতকরণ আইন ২০২৬, বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি সংশোধন আইন ২০২৬, শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমীর রংপুর সংশোধন ২০২৬ এবং বাণিজ্যিক আদালত আইন ২০২৬। এছাড়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন ২০২৬ সংসদে উত্থাপন করা হয়েছে।
অন্যদিকে সকালের অধিবেশনে পাস হওয়া বিলগুলো হলো হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল, কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট বিল, সিভিল কোর্টস অ্যামেন্ডমেন্ট বিল, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যামেন্ডমেন্ট বিল, রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট বিল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সিলেট সংশোধন বিল।
একইসঙ্গে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন আইনের বিলটি এদিন উত্থাপন করা হয় যা পরবর্তীতে সংশোধনসহ পাস হওয়ার কথা রয়েছে।
এনএন/ ৭ এপ্রিল ২০২৬









