ইরানের হামলার আশঙ্কায় সৌদি-বাহরাইন ব্রিজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রিয়াদ, ৭ এপ্রিল – ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় সৌদি আরব ও বাহরাইনের সংযোগ রক্ষাকারী বাদশা ফাহাদ কসওয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। সৌদি আরবের পূর্বাঞ্চলে ইরানের হামলার হুমকির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
২৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি সৌদি আরবের সঙ্গে দ্বীপরাষ্ট্র বাহরাইনকে যুক্ত করার একমাত্র সড়কপথ। প্রতিদিন শত শত যানবাহন এই পথ ব্যবহার করে দুই দেশের মধ্যে যাতায়াত করে থাকে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিভিন্ন সেতু ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি দেওয়ার পরই সৌদি আরব ও বাহরাইন তাদের এই গুরুত্বপূর্ণ সেতুটি বন্ধ করে দেয়।
ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার মধ্যে ইরানকে চুক্তিতে আসতে হবে এবং হরমুজ প্রণালি খুলে দিতে হবে। অন্যথায় ইরানের বিদ্যুৎ অবকাঠামো ও সেতু লক্ষ্য করে ভয়াবহ হামলা চালানো হবে। তিনি ইরানিদের এসব অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন।
এর প্রতিক্রিয়ায় ইরান কড়া ভাষায় জানিয়েছে, তাদের কোনো বিদ্যুৎকেন্দ্র বা সেতুতে হামলা হলে এর চরম ও বিধ্বংসী পাল্টা জবাব দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে ইরান। এই পরিস্থিতির কারণে সংঘাতের শুরু থেকেই আরব দেশগুলোকে চরম উত্তেজনার মধ্য দিয়ে যেতে হচ্ছে।
উপসাগরীয় দেশগুলো এখন পর্যন্ত ইরানের হামলার জবাবে সরাসরি কোনো পদক্ষেপ নেয়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্র যদি কোনো সামরিক ব্যবস্থা গ্রহণ করে, তবে তাদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতও যুক্ত হতে পারে।
এনএন/ ৭ এপ্রিল ২০২৬









