ইরানের কৌশলগত তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে বড় ধরনের বিস্ফোরণ

তেহরান, ৭ এপ্রিল – ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে এক বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত এই দ্বীপে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর জন্য যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন তা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই হামলা চালানো হয়।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, আমেরিকার সামরিক বাহিনী ওই দ্বীপের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প খারগ দ্বীপে হামলা চালানো বা সেটি দখলে নেওয়ার বিষয়ে একাধিকবার হুমকি দিয়েছিলেন।
গত ৩০ মার্চ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন, তারা ইরানের সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলকূপ, খারগ দ্বীপ এবং লবণাক্ত পানি শোধন কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়ার মাধ্যমে ইরানে তাদের অবস্থান শেষ করবেন।সোমবারও তিনি ইরান সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, দেশটিকে এর জন্য চরম মূল্য দিতে হবে।
অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার ইরানজুড়ে বিভিন্ন অবকাঠামো স্থাপনা লক্ষ্য করে তারা ব্যাপক বিমান হামলা চালিয়েছে। তবে এসব স্থাপনার সুনির্দিষ্ট ধরন সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ইরানি শাসকগোষ্ঠীর কয়েক ডজন অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী এই বড় ধরনের হামলা পরিচালনা করেছে।
এনএন/ ৭ এপ্রিল ২০২৬









