জাতীয়

২৪ ঘণ্টায় দেশে হাম ও উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

ঢাকা, ৭ এপ্রিল – গত ২৪ ঘণ্টায় দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আরও এক হাজার ২৩৬ জন শিশু হামে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে এবং বাকি ১০ জনের শরীরে হামের উপসর্গ ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২২ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১২৮ জন শিশু। একই সময়ে হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৯৮ জন এবং আরও ছয় হাজার ৮৮৩ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

দেশে সবচেয়ে বেশি মৃত্যু এবং আক্রান্তের ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এরপরেই রয়েছে রাজশাহী বিভাগের অবস্থান।

কেবল ঢাকা বিভাগেই গত ২৪ ঘণ্টায় ১৮৬ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে আরও ৪৯৯ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনএন/ ৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language