মধ্যপ্রাচ্যে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার সতর্কবার্তা কাতারের

দোহা, ৭ এপ্রিল – মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে কূটনৈতিক সমাধানের পথ দ্রুত সংকুচিত হওয়ায় ব্যাপক আঞ্চলিক সংঘাতের আশঙ্কা প্রকাশ করেছে উপসাগরীয় দেশ কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি মঙ্গলবার এই সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, পরিস্থিতি খুব শিগগিরই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, দীর্ঘস্থায়ী কোনো সংঘাত কোনো রাষ্ট্রের জন্যই মঙ্গলজনক নয় এবং এই যুদ্ধ দীর্ঘায়িত হলে কোনো পক্ষেরই জয় হবে না।
বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে সাম্প্রতিক হামলার ঘটনাগুলোও মেনে নেওয়া যায় না বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীসহ অন্যান্য সামুদ্রিক করিডোরকে কেন্দ্র করে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আল আনসারি। তিনি স্মরণ করিয়ে দেন যে হরমুজ একটি প্রাকৃতিক প্রণালী এবং এই অঞ্চলের সব দেশেরই এটি বাধাহীনভাবে ব্যবহারের অধিকার রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালাচ্ছে। এর জবাবে ইরানও পাল্টা আক্রমণ শুরু করেছে। টানা আটত্রিশ দিন ধরে চলা এই সংঘাতের জেরে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরানের অব্যাহত হামলার খবর পাওয়া যাচ্ছে। এর ফলে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। একইসঙ্গে বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী তেহরান কার্যত বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানির বাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে।
এস এম/ ৭ এপ্রিল ২০২৬









