সিলেট

সিলেটে ৪.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল আসাম

সিলেট, ৭ এপ্রিল – মঙ্গলবার বেলা ২টা ৪৮ মিনিট ৩১ সেকেন্ডে সিলেটে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮। অন্যদিকে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী জানা যায়, এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের পার্শ্ববর্তী ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি এলাকায়।

উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার। হাইলাকান্দি থেকে সিলেটের ভৌগোলিক দূরত্ব মাত্র ৭৪ কিলোমিটার হওয়ার কারণে সিলেটের বিভিন্ন এলাকায় এই কম্পন বেশ ভালোভাবে অনুভূত হয়েছে।

এস এম/ ৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language