ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের পাশে গোলাগুলি, তিন হামলাকারী নি*হত

আঙ্কারা, ৭ এপ্রিল – তুরস্কের ইস্তাম্বুল শহরে ইসরায়েলি কনস্যুলেটের কাছে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার শহরের বেসিকতাস জেলায় এই ঘটনায় অন্তত তিনজন সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। ইস্তাম্বুল পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, হামলাকারীরা কনস্যুলেট লক্ষ্য করে গুলি ছুড়লে নিরাপত্তারক্ষীরা তাৎক্ষণিক পাল্টা জবাব দেয়। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপের কারণে ঘটনাস্থলেই তিন হামলাকারী নিহত হয়।
এই গোলাগুলির ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পুরো এলাকাটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় বা এই ঘটনার সঙ্গে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সম্পৃক্ততা আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ঘটনার পরপরই ইস্তাম্বুলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দেশটির গোয়েন্দা সংস্থা বিস্তারিত তদন্ত শুরু করেছে।
এস এম/ ৭ এপ্রিল ২০২৬









