২০২৭ সালের হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী

ঢাকা, ৭ এপ্রিল – হজযাত্রীদের সুযোগ, সুবিধা ও চাহিদার কথা বিবেচনা করে ২০২৭ সালের হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের একটি তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
কক্সবাজার তিন আসনের এই সংসদ সদস্যের প্রশ্নের লিখিত জবাবে ধর্মমন্ত্রী হজের সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরেন। তিনি সংসদকে অবহিত করেন যে, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজের বর্তমান কার্যক্রম প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই প্যাকেজ অনুযায়ী সৌদি আরব এবং বাংলাদেশ পর্বের বিভিন্ন খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।
সৌদি আরবের দেওয়া নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভিসাসহ হজ সংক্রান্ত সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ এপ্রিল থেকে নির্ধারিত সূচি অনুযায়ী হজ ফ্লাইট শুরু হবে।
এস এম/ ৭ এপ্রিল ২০২৬









