বলিউড

সিনেমা ছাড়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন তৃষা কৃষ্ণান, দিলেন কড়া জবাব

চেন্নাই, ৭ এপ্রিল – ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান সম্প্রতি তাকে ঘিরে ছড়ানো নানা গুঞ্জনের কড়া জবাব দিয়েছেন। চেন্নাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে অভিনেতা বিজয়ের সঙ্গে তৃষার উপস্থিতির পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠে। একই সময়ে বিজয়ের স্ত্রী সংগীতা স্বর্ণলিঙ্গমের বিবাহবিচ্ছেদের আবেদনের খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। এর মধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করে বসে, তৃষা অভিনয়জগৎ থেকে বিদায় নিচ্ছেন এবং নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন না।

এমন বিভ্রান্তিকর খবরের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি বিদ্রূপাত্মক পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, তিনি নাকি সিনেমা ছেড়ে দিয়েছেন এবং এক ধনী ব্যবসায়ীকে বিয়ে করেছেন। এমনকি তার চারটি যমজ সন্তান রয়েছে এবং গতকাল তাদের বয়স দুই বছর পূর্ণ হয়েছে। সবশেষে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, আজকের মতো গালগল্পের কোটা পূরণ হয়েছে নাকি আরও কিছু যোগ করার আছে। মূলত এই বার্তার মাধ্যমেই তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, তাকে নিয়ে রটানো এসব খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

অভিনেতা বিজয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন যখন তুঙ্গে, তখন বিজয় নিজেও একটি রাজনৈতিক সমাবেশে পরোক্ষভাবে এসব অভিযোগ খণ্ডন করেছেন। অন্যদিকে তৃষাও চুপ থাকেননি। অভিনেতা পার্থিবানের করা মন্তব্যের মোক্ষম জবাব দিয়েছেন তিনি। এর আগে মানসিক শান্তি নিয়ে একাধিক রহস্যময় পোস্ট শেয়ার করেছিলেন তৃষা।

সেখানে তিনি জানিয়েছিলেন, জীবনের এমন একপর্যায়ে তিনি আছেন যেখানে তর্কে জড়ানোর চেয়ে নীরব থাকাকেই শ্রেয় মনে করেন। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিজয় এবং তৃষা অত্যন্ত জনপ্রিয় একটি জুটি। গিল্লি বা তিরুপাচ্চি থেকে শুরু করে সাম্প্রতিক লিও সিনেমাতেও তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। বর্তমানে তৃষা তার পরবর্তী তামিল সিনেমা কারুপ্পু মুক্তির অপেক্ষায় রয়েছেন। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন সুরিয়া। ব্যক্তিগত জীবন নিয়ে এমন আলোচনার মাঝেও তৃষার সাহসী অবস্থানকে সাধুবাদ জানাচ্ছেন তার ভক্তরা।

এস এম/ ৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language