জাতীয়

২১ মের মধ্যে দেশের সব শিশুকে হামের টিকা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা

ঢাকা, ৭ এপ্রিল – আসন্ন ঈদুল আজহার আগে আগামী ২১ মের মধ্যে দেশের সব শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, দেশে নতুন করে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। টিকাজনিত অতীতের সংকটের প্রভাব এখনো রয়ে গেছে। বর্তমান সরকার এই পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

বর্তমানে ১৮টি জেলার ৩০টি উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং ময়মনসিংহ ও বরিশালে এই টিকা দেওয়া হবে। এরপর ৩ মে থেকে সারা দেশে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হবে। উপদেষ্টা আরও জানান, প্রথম ধাপে ৩০টি উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় এই কার্যক্রম চালানো হবে। পরবর্তী সময়ে পরিস্থিতি অনুযায়ী ধাপে ধাপে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যেই পুরো কার্যক্রম শেষ করার লক্ষ্য রয়েছে সরকারের।

হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় সংক্রমণ প্রতিরোধে সরকারি হাসপাতালগুলোতে আইসোলেশন ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল এবং জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, হাম একটি প্রতিরোধযোগ্য রোগ। এরপরেও এই রোগে শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে যেন এই ধরনের পরিস্থিতি আর তৈরি না হয়, সেজন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। এ ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারি ও বেসরকারি অংশীদারত্ব মডেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে, যার প্রায় ৮০ শতাংশই হবেন নারী।

এস এম/ ৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language