জাতীয়

সংসদে ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ পাস, রয়েছে কারাদণ্ডের বিধান

ঢাকা, ৭ এপ্রিল – জেল ও জরিমানার বিধান রেখে জাতীয় সংসদে হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন ২০২৬ পাস হয়েছে। মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সংসদে বিলটি উত্থাপন করেন। বিলের ওপর আলোচনা শেষে স্পিকার বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে পানিসম্পদ মন্ত্রী জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত বিস্তীর্ণ হাওর ও জলাভূমির জীববৈচিত্র্য সংরক্ষণ এবং এগুলোর সমন্বিত ব্যবস্থাপনার জন্য ১৯৭৭ সালে প্রথম হাওর উন্নয়ন বোর্ড গঠন করা হয়েছিল। পরবর্তীতে ২০১৬ সালের ২৪ জুলাই প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদফতর প্রতিষ্ঠা করা হয়।

কিন্তু হাওর এলাকায় অপরিকল্পিত উন্নয়ন, যত্রতত্র বাঁধ নির্মাণ, বিষ ও কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং পর্যটনের বিরূপ প্রভাব মোকাবিলায় আইনি কাঠামোর ঘাটতি পরিলক্ষিত হয়। মন্ত্রী আরও জানান, সংবিধানের ১৮ক অনুচ্ছেদে রাষ্ট্রের জীববৈচিত্র্য ও জলাভূমি সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া ২০২০ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির দায়ের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট দ্রুত জলাভূমি সুরক্ষায় আইন প্রণয়নের নির্দেশ প্রদান করেন।

সাংবিধানিক বাধ্যবাধকতা এবং আদালতের নির্দেশনার আলোকেই হাওর ও জলাভূমি এলাকার পরিবেশ, প্রতিবেশ ও বাস্তুতন্ত্র সংরক্ষণের উদ্দেশ্যে এই আইনটি প্রণয়ন করা হয়েছে। নতুন এই আইনের কোনো বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা দুই লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান নির্ধারণ করা হয়েছে। তবে উভয় দণ্ডের ক্ষেত্রে নির্ধারিত সীমার অতিরিক্ত দণ্ড প্রদান করা যাবে না।

এস এম/ ৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language