জাতীয়

করোনা ভ্যাকসিন কেনায় ৪ হাজার ৩৯৪ কোটি টাকা ব্যয়: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ৭ এপ্রিল – করোনা মহামারি মোকাবিলায় দেশের মানুষের সুরক্ষার জন্য ভ্যাকসিন কেনা বাবদ এ পর্যন্ত ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে। মঙ্গলবার ৫ এপ্রিল জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দশম দিনে ফেনী দুই আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা মহামারি মোকাবিলায় সরকার ভ্যাকসিনসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি ক্রয়ের জন্য ২০২০ এবং ২০২১ অর্থবছর থেকে মোট ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ ২ হাজার ২৯৭ টাকা বরাদ্দ করেছিল। এর মধ্যে কেবল ভ্যাকসিন কিনতেই ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা। ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের অন্যান্য খরচের হিসাবও তিনি তুলে ধরেন। তিনি জানান, ভ্যাকসিন দেওয়ার জন্য সিরিঞ্জ কেনায় খরচ হয়েছে ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা।

দেশের বিভিন্ন অঞ্চলে এসব ভ্যাকসিন নিরাপদে পৌঁছে দিতে পরিবহন ব্যয় হয়েছে ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৩৫৪ টাকা এবং সিরিঞ্জ শিপিং চার্জ হিসেবে ব্যয় হয়েছে আরও ৯৯ লাখ ৭৮ হাজার ৯৮০ টাকা। ভ্যাকসিন আমদানিতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, কেনাকাটা ও সংরক্ষণের বিষয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসেনি।

সরকার সব সময় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। এ বিষয়ে কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন। তিনি আরও উল্লেখ করেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেওয়া সময়োপযোগী পদক্ষেপের কারণেই দেশ খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সক্ষম হয়েছে।

এস এম/ ৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language