বান্দরবানের রোয়াংছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৪ বসতঘর

বান্দরবান, ৭ এপ্রিল – বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে চারটি বসতঘর। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তাইম্রংছড়া এলাকায় এই আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার একটি বাড়ির রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। এরপর দ্রুত আগুন চারপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার উদ্দিন জানান, আগুনে দুটি বাঁশ ও কাঠের তৈরি কাঁচা ঘর এবং দুটি সেমিপাকা ঘর পুরোপুরি ভস্মীভূত হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং তাৎক্ষণিকভাবে আর্থিক ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
এস এম/ ৭ এপ্রিল ২০২৬









