পুষ্টি

রোগ প্রতিরোধ ও পুষ্টির আধার মিষ্টি কুমড়া: জানুন অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

ঢাকা, ৭ এপ্রিল – মিষ্টি কুমড়া আমাদের দেশের একটি অতি পরিচিত এবং সহজলভ্য সবজি। শীতকালীন এই সবজিটি শুধু স্বাদে নয়, বরং পুষ্টিগুণেও ভরপুর। অনেকেই হয়তো জানেন না, ভিটামিন এ ছাড়াও মিষ্টি কুমড়ায় রয়েছে অসংখ্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান, যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। যুক্তরাষ্ট্রের এগ্রিকালচারস ফুড ডেটা সেন্ট্রাল বিভাগের তথ্য অনুযায়ী, এক কাপ বা ২৪৫ গ্রাম সেদ্ধ মিষ্টি কুমড়ায় লবণ ছাড়া প্রায় ১.৭৬ গ্রাম প্রোটিন, ২.৭ গ্রাম আঁশ, ৪৯ ক্যালরি, ০.১৭ গ্রাম ফ্যাট এবং ১২ গ্রাম কার্বোহাইড্রেট থাকে।

সবচেয়ে বড় কথা হলো, এতে কোনো ক্ষতিকর কোলেস্টেরল নেই। এছাড়াও এই সবজিতে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, রিবোফ্লোবিন, পটাশিয়াম, কপার, ম্যাংগানিজ, থায়ামিন, ভিটামিন বি৬, ফলিক অ্যাসিড, আয়রন, ম্যাগনেশিয়াম ও ফসফরাস পাওয়া যায়। মিষ্টি কুমড়ার স্বাস্থ্য উপকারিতা অনেক। এটি বিটাক্যারোটিন সমৃদ্ধ হওয়ায় চোখের জন্য অত্যন্ত উপকারী এবং ভিটামিন এ এর অভাবজনিত বিভিন্ন রোগ প্রতিরোধ করে।

এছাড়া এতে থাকা প্রচুর পরিমাণ বিটাক্যারোটিন শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এটি ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং রক্তনালিতে চর্বি জমতে বাধা দিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়।

মিষ্টি কুমড়ায় থাকা ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সর্দি, কাশি ও ঠান্ডা লাগার মতো সমস্যা থেকে দূরে রাখে। এর পাশাপাশি ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। প্রচুর পরিমাণে আঁশ থাকায় এটি হজমশক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণভাবে সহায়তা করে। নিয়মিত খাদ্যতালিকায় মিষ্টি কুমড়া রাখলে তা সার্বিক স্বাস্থ্য সুরক্ষায় বড় ভূমিকা পালন করতে পারে।

এস এম/ ৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language