গুগল ম্যাপসে যুক্ত হলো কথোপকথনভিত্তিক নতুন ফিচার ‘আস্ক ম্যাপস’

ঢাকা, ৭ এপ্রিল – প্রযুক্তি অঙ্গনে ব্যবহারকারীদের জন্য নতুন চমক নিয়ে এসেছে টেক জায়ান্ট গুগল। জনপ্রিয় নেভিগেশন অ্যাপ গুগল ম্যাপসে যুক্ত হয়েছে গত এক দশকের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি নতুন ফিচার। এর মধ্যে একটি হলো আস্ক ম্যাপস এবং অপরটি ইমার্সিভ নেভিগেশন। বর্তমানে আস্ক ম্যাপস ফিচারটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আস্ক ম্যাপস মূলত একটি কথোপকথনভিত্তিক আধুনিক ফিচার যা ব্যবহারকারীদের জটিল এবং বাস্তবধর্মী প্রশ্নের উত্তর দিতে সক্ষম। আগে ব্যবহারকারীদের যেকোনো তথ্যের জন্য আলাদাভাবে সার্চ করতে হতো।
কিন্তু নতুন এই ফিচারের মাধ্যমে একটি মাত্র প্রশ্নেই বিস্তারিত এবং প্রাসঙ্গিক সকল তথ্য পাওয়া যাবে। উদাহরণস্বরূপ ব্যবহারকারীরা এখন সরাসরি জিজ্ঞাসা করতে পারবেন কোথায় ফোন চার্জ দেওয়ার সুবিধা রয়েছে বা রাতে আলোসহ পাবলিক টেনিস কোর্ট কোথায় পাওয়া যাবে। এই সুবিধা উপভোগ করতে প্রথমে ব্যবহারকারীদের গুগল ম্যাপস অ্যাপটি আপডেট করতে হবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে এবং আইফোন ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে খুব সহজেই অ্যাপটি আপডেট করে নিতে পারবেন।
অ্যাপটি আপডেটের পর সার্চ বারের নিচেই আস্ক ম্যাপস অপশনটি দৃশ্যমান হবে। এই বাটনে ট্যাপ করলে একটি কথোপকথন ইন্টারফেস চালু হবে। সেখানে ব্যবহারকারীরা লিখে বা ভয়েস কমান্ডের মাধ্যমে সরাসরি প্রশ্ন করতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হলো এখানে প্রশ্ন ছোট করে বা ভাগ করে করার কোনো প্রয়োজন নেই। স্বাভাবিকভাবে বিস্তারিত প্রশ্ন করলেও সঠিক উত্তর পাওয়া যাবে। আউটিং এবং যেকোনো ইভেন্ট প্ল্যান করার ক্ষেত্রেও আস্ক ম্যাপস দারুণ কার্যকরী। ব্যবহারকারীরা খুব সহজেই কোনো আড্ডা বা বিশেষ দিনের পরিকল্পনা করতে পারবেন।
যেমন এমন কোনো রেস্তোরাঁ খোঁজা যেখানে ভালো খাবার পার্কিং সুবিধা এবং লাইভ খেলা দেখার সুযোগ রয়েছে। এই ফিচারের মাধ্যমে রিভিউ মেনুর তথ্য এবং পরিবেশ সম্পর্কে একত্রে ধারণা পাওয়া যায়। পাশাপাশি পরবর্তীতে ফলোআপ প্রশ্ন করার সুযোগও রয়েছে। ভ্রমণ পরিকল্পনায় এই ফিচারটি বিশেষ সহায়ক ভূমিকা পালন করে। বিশেষ করে পরিবারের বয়স্ক সদস্যদের প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা সাজাতে এটি দারুণ কাজ করে। কম হাঁটাচলা করতে হয় বা প্রবেশ সুবিধা সহজ এমন জায়গাগুলো আস্ক ম্যাপস খুব দ্রুত খুঁজে দেয়। সব মিলিয়ে আস্ক ম্যাপস ফিচারটি গুগল ম্যাপসের ব্যবহারকে আরও স্মার্ট এবং সহজ করে তুলেছে।
এস এম/ ৭ এপ্রিল ২০২৬









