মধ্যপ্রাচ্য

মার্কিন হামলা ঠেকাতে বিদ্যুৎকেন্দ্রের সামনে মানববন্ধনের ডাক ইরানের

তেহরান, ৭ এপ্রিল – যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা প্রতিহত করতে দেশব্যাপী বিদ্যুৎকেন্দ্রগুলোর সামনে সাধারণ মানুষকে মানববন্ধন করার আহ্বান জানিয়েছে ইরান সরকার। এই মানববন্ধনে তরুণ ও অ্যাথলেটসহ সকল স্তরের মানুষকে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে ৭ এপ্রিল বিদ্যুৎকেন্দ্রের সামনে এই অবস্থান নেওয়ার কথা বলা হয়েছে।

ইরানের যুব ও ক্রীড়া উপমন্ত্রী আলিরেজা রাহিমি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, তারা হাতে হাত রেখে দাঁড়িয়ে বিশ্বকে জানাবেন যে বেসামরিক অবকাঠামোর ওপর হামলা এক ধরনের যুদ্ধাপরাধ।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার মধ্যে ইরানকে একটি চুক্তিতে পৌঁছানোর সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুমকি দিয়েছেন, এই নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি না হলে ইরানের গুরুত্বপূর্ণ সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্য করে সামরিক হামলা চালানো হবে।

ট্রাম্পের দাবি, এই সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দিতে হবে।

তবে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের দেওয়া সময়সীমার মধ্যে কোনো চুক্তির সম্ভাবনা প্রায় নেই। দুই দেশের মধ্যকার বিভিন্ন ইস্যু নিয়ে মতপার্থক্য এতটাই গভীর যে মঙ্গলবার রাতের মধ্যে ঐক্যমতে পৌঁছানো কঠিন।

সংবাদমাধ্যমটি আরও জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প তার ঘনিষ্ঠজনদের কাছে চুক্তি হওয়ার বিষয়ে খুব একটা আশাবাদী নন বলে জানিয়েছেন। যদিও আলোচনার মাধ্যমে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ইরানের সেতু ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলার নির্দেশ দিতে পারেন ট্রাম্প। তবে রিপাবলিকান পার্টির অনেক সদস্য বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে।

ট্রাম্পের সম্ভাব্য হামলার নির্দেশের বিষয়ে হোয়াইট হাউজের প্রেসসচিব ক্যারোলিন লেভেট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা কেবল তিনিই জানেন এবং তার সিদ্ধান্তের বিষয়টি খুব শিগগিরই স্পষ্ট হবে।

এনএন/ ৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language