জাতীয়

মানুষের গণরায়ের সঙ্গে প্রতারণা শুরু করেছে বিএনপি: সারজিস আলম

বগুড়া, ৭ এপ্রিল – নির্বাচনের দেড় মাস পার না হতেই বিএনপি মানুষের গণরায়ের সঙ্গে প্রতারণা শুরু করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি মনে করেন আজ যদি আবার জাতীয় নির্বাচন হয় তবে দেশের অনেক আসনের মানুষ তাদের আগের সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করবেন এবং অনেকেই হয়তো তাদের ভোটের অবস্থান বদলে ফেলবেন।

সোমবার বিকেলে বগুড়া সদরের বাঘোপাড়ায় এক স্কুল মাঠে আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও জামায়াত নেতা আবিদুর রহমানের পক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।

বগুড়া ৬ আসনটি ছেড়ে দেওয়ায় তারেক রহমানের সমালোচনা করে সারজিস আলম বলেন এখানকার মানুষ মন খুলে তাকে ভোট দিয়েছিলেন। কিন্তু দুটি আসনের মধ্যে একটি বেছে নেওয়ার সময় তিনি বগুড়াকে ছেড়ে দিয়েছেন। বিএনপি তাদের ঘোষিত একত্রিশ দফা ও সংবিধান সংস্কারের প্রতিশ্রুতির সঙ্গে প্রতারণা করছে উল্লেখ করে তিনি বলেন যারা কাগজে কলমে এক কথা বলে আর বাস্তবে অন্য কথা বলে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

ঋণখেলাপিদের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পদে বসিয়ে তারা কীভাবে দেশের অর্থনীতি পুনরুদ্ধার করবে সেটিও একটি বড় প্রশ্ন।

প্রশাসনকে চাটুকারিতা ছাড়ার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন রাষ্ট্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। বাংলাদেশ যদি আবার আগের যুগে ফিরে যায় তবে পুরো দেশের মানুষকে ভুগতে হবে এবং কেউ রেহাই পাবে না।

উপনির্বাচনে জোট প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন শুধু নেতা ভালো হলে হবে না কর্মীদেরও ভালো হতে হবে। লুটপাট আর চাঁদাবাজিতে লিপ্ত কর্মীদের নেতা দিয়ে দেশের কোনো লাভ নেই।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু।

সমাবেশ শেষে জামায়াত নেতা আবিদুর রহমানকে জোটের প্রার্থী হিসেবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এনএন/ ৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language