পশ্চিমবঙ্গ

কোচবিহারে মোদীর নির্বাচনি জনসভা: তৃণমূলের বিরুদ্ধে অনুপ্রবেশে প্রশ্রয়ের অভিযোগ

কলকাতা, ৬ এপ্রিল – পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রথম নির্বাচনি জনসভা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রোববার উত্তরবঙ্গের কোচবিহারের রাসমেলা ময়দানে এই জনসভা অনুষ্ঠিত হয়।

এই জনসভা থেকে অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন তিনি।

নরেন্দ্র মোদী বলেন, ভোটব্যাংকের রাজনীতির কারণে তৃণমূল কংগ্রেস সরকার বেআইনি অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে। এর ফলে পশ্চিমবঙ্গের ভৌগোলিক জনবিন্যাস পরিবর্তিত হচ্ছে এবং সামগ্রিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

তিনি দাবি করেন, ভারত সরকার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে এবং বিশ্বের অন্যান্য দেশও একই ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস নিজেদের রাজনৈতিক স্বার্থে অনুপ্রবেশকারীদের জন্য রাজ্যের দরজা খুলে দিয়েছে। এর ফলে সাধারণ নাগরিকদের আইনি অধিকার ক্ষুণ্ন হচ্ছে এবং জনবিন্যাসে ব্যাপক পরিবর্তন ঘটছে।

রাজ্যের বর্তমান শাসক দল অনুপ্রবেশকারীদের রক্ষায় কাজ করছে এবং তাদেরকে নিজেদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দেন, রাজ্যে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ক্ষমতায় এলে এই অনুপ্রবেশ কঠোরভাবে ঠেকানো হবে। নির্বাচনের পর এসব বেআইনি কর্মকাণ্ডের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুশিয়ারি দেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরেই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তাই আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মী ও সমর্থকদের মনোবল চাঙ্গা করতেই এই অঞ্চলে প্রথম নির্বাচনি জনসভা করেছেন নরেন্দ্র মোদী।

এনএন/ ৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language