শিক্ষা

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ

ঢাকা, ৬ এপ্রিল – সরকারি কর্ম কমিশন বা বিপিএসসি ৫০তম বিসিএসের আবশ্যিক ও পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষার সময়সূচি এবং আসনবিন্যাস প্রকাশ করেছে। আগামী ৯ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হয়ে চলবে ৭ মে পর্যন্ত। এবারের পরীক্ষার জন্য বেশ কিছু কঠোর নিয়ম জারি করা হয়েছে।

সোমবার পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৯ এপ্রিল বাংলা প্রথমপত্র এবং ১২ এপ্রিল বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৬ এপ্রিল ইংরেজি, ১৯ এপ্রিল বাংলাদেশ বিষয়াবলি, ২০ এপ্রিল আন্তর্জাতিক বিষয়াবলি এবং ২২ এপ্রিল গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

অন্যদিকে পদসংশ্লিষ্ট বিষয়গুলোর পরীক্ষা ২৭ এপ্রিল শুরু হয়ে ৭ মে পর্যন্ত চলবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধুমাত্র ঢাকা কেন্দ্রেই মোহাম্মদপুর সরকারি কলেজ, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি বিজ্ঞান কলেজসহ মোট আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে আসনবিন্যাস করা হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য জারি করা বিশেষ নির্দেশনায় বলা হয়েছে পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে অর্থাৎ সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এরপর গেট বন্ধ করে দেওয়া হবে এবং কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

লিখিত পরীক্ষায় গড় পাসের ন্যূনতম নম্বর ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। কোনো বিষয়ে ৩০ শতাংশের কম নম্বর পেলে তা মোট নম্বরের সঙ্গে যুক্ত হবে না।

পরীক্ষার হলে মোবাইল ফোন, সব ধরনের ঘড়ি, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, বই, ব্যাগ বা ব্যাংক কার্ড নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ।

গেটে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে এবং নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে পদসংশ্লিষ্ট কিছু কারিগরি বিষয়ের ক্ষেত্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি রয়েছে।

প্রতিটি পরীক্ষার কক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং পরীক্ষার্থীদের কান ও মুখ দৃশ্যমান রাখতে হবে। তবে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা হিসেবে শ্রুতিলেখকের অনুমতি দেওয়া হয়েছে।

এনএন/ ৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language