মাইজভান্ডার দরবার শরীফে বাবা ভান্ডারীর ৯০তম বার্ষিক ওরশ সম্পন্ন

চট্রগ্রাম, ৬ এপ্রিল – লাখো ভক্তের অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত মাইজভান্ডার দরবার শরীফে উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক শাহসূফী মাওলানা সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারীর ৯০তম বার্ষিক ওরশ সম্পন্ন হয়েছে।
রবিবার ৫ এপ্রিল এই ওরশ পালিত হয়। দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা শেষে মধ্যরাতে আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবারের সাজ্জাদানশীন হযরত শাহসূফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী। মোনাজাতে দেশ, জাতি এবং বিশ্ব মানবতার সার্বিক কল্যাণ কামনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
ওরশ উপলক্ষে লাখো ভক্ত ও আশেকের উপস্থিতিতে পুরো মাইজভান্ডার এলাকা এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। এর আগে সকালে গাউছিয়া রহমান মঞ্জিল বাদে ফজর বাবা ভান্ডারীর রওজা শরীফে গোসল, খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, জিকির এবং বিশেষ আলোচনা সভার আয়োজন করে।
এস এম/ ৬ এপ্রিল ২০২৬









