জাতীয়

মধ্যপ্রাচ্যে নি*হত বাংলাদেশি কর্মী মামুনের মর*দেহ দেশে পৌঁছেছে

ঢাকা, ৬ এপ্রিল – মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি এসে পৌঁছালে তা গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে মরদেহটি ঢাকায় আনা হয়। এ সময় বিমানবন্দরে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মরদেহ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে চারজনের মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে এবং একজনের মরদেহ পরিবারের অনুমতি সাপেক্ষে সৌদি আরবে দাফন করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত কর্মীর পরিবারের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে দাফন বাবদ পঁয়ত্রিশ হাজার টাকা এবং তাৎক্ষণিকভাবে আরও পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয়েছে। পাশাপাশি আর্থিক সহায়তা হিসেবে ওই পরিবারকে তিন লাখ টাকা দেওয়া হবে।

বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. এ টি এম মাহবুব উল করিম।

এস এম/ ৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language