কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ২০ লাখ

কিশোরগঞ্জ, ৬ এপ্রিল – কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার রাত ৯টার দিকে উপজেলার পুলেরঘাট বাজার সংলগ্ন মাইজহাটি এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাইজহাটি পল্লীবিদ্যুৎ সাবস্টেশন সংলগ্ন শামীম ও নিজাম উদ্দিনের যৌথ মালিকানাধীন ওই তুলার গুদামে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা টানা চেষ্টা চালিয়ে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

গুদামের মালিক নিজাম উদ্দিন দাবি করেছেন, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোমেন মুর্শেদ জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।

এনএন/ ৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language