মধ্যপ্রাচ্য

ক্ষতিপূরণ পেলেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে, জানাল ইরান

তেহরান, ৫ এপ্রিল – যুদ্ধের ক্ষতিপূরণ পেলেই কেবল হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান।

রোববার দেশটির প্রেসিডেন্টের দপ্তরের যোগাযোগ বিষয়ক উপপ্রধান সাইয়্যেদ মেহদি তাবাতাবায়ী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ট্রানজিট ফির ওপর ভিত্তি করে একটি নতুন আইনি কাঠামোর মাধ্যমে এই ক্ষতিপূরণ আদায় করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তাবাতাবায়ী জানান, প্রণালি বন্ধের জেরে ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার যে হুমকি ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তা মূলত চরম হতাশা এবং ক্ষোভের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়।

অন্যদিকে, জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন ট্রাম্পের এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছে। তারা অভিযোগ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ইরানের বেসামরিক জনগণের বেঁচে থাকার জন্য অপরিহার্য অবকাঠামো ধ্বংস করার হুমকি দিচ্ছেন।

এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানি মিশন জানায়, জাতিসংঘের বিবেক জাগ্রত থাকলে যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্টের এমন প্রকাশ্য ও নির্লজ্জ হুমকির মুখে তারা নীরব থাকত না। ট্রাম্প এই অঞ্চলকে একটি অন্তহীন যুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

তারা আরও জানায়, এটি বেসামরিক নাগরিকদের আতঙ্কিত করার সরাসরি উসকানি এবং যুদ্ধাপরাধ সংঘটনের স্পষ্ট প্রমাণ।

আন্তর্জাতিক সম্প্রদায় এবং সকল রাষ্ট্রের আইনি বাধ্যবাধকতা রয়েছে এ ধরনের নৃশংসতা প্রতিরোধ করার। অবিলম্বে তাদের পদক্ষেপ নিতে হবে, অন্যথায় অনেক দেরি হয়ে যাবে বলে সতর্ক করা হয়।

এছাড়া চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, হরমুজ প্রণালিতে নৌচলাচলের সমস্যা সমাধানের মূল উপায় হলো একটি কার্যকর যুদ্ধবিরতিতে পৌঁছানো। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক ফোনালাপের সময় ওয়াং ই এই মন্তব্য করেন।

এনএন/ ৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language