জুলাই সনদ নিয়ে গণভোটের প্রস্তাব সংবিধানের সঙ্গে প্রতারণা: আইনমন্ত্রী

ঢাকা, ৫ এপ্রিল – জুলাই জাতীয় সনদ ২০২৫ এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিরোধী দলের গণভোটের প্রস্তাবকে সরাসরি সংবিধানের ওপর প্রতারণা বলে আখ্যায়িত করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেছেন এই সনদের বাস্তবায়ন পদ্ধতি এর ভেতরেই স্পষ্টভাবে খোদাই করা আছে।
রোববার ৫ এপ্রিল জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন।
এসময় তিনি পানের বিড়ায় ভালো পানের ভেতরে পচা পান লুকিয়ে রাখার গল্পের উদাহরণ টেনে বলেন আইনের ক্ষমতা না থাকলেও আছে বলে চালিয়ে দেওয়ার মতো চাতুর্যপূর্ণ আইন প্রণয়নের কোনো সুযোগ নেই।
আইনমন্ত্রী বলেন গণভোটের যে শিডিউলের কথা বলা হচ্ছে সেখানে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির কোনো অস্তিত্ব নেই। অথচ এটি জাতীয় ঐকমত্যের দোহাই দিয়ে চালানো হচ্ছে। এই ধরনের চাতুর্যপূর্ণ লেজিসলেশন আইনের ভাষায় শুরু থেকেই বাতিলযোগ্য।
জুলাই সনদকে চৌদ্দশো শহীদের রক্তের অক্ষরে লেখা পবিত্র অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন তিনি। আইনমন্ত্রী স্পষ্ট জানান সংস্কার ও সংশোধন এক বিষয় নয়। জনআকাঙ্ক্ষা থেকে সংস্কার আসতে পারে কিন্তু তাকে আইনি রূপ দিতে হলে সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী সংসদে সংশোধন করতে হবে। এর বাইরে অন্য কোনো বিকল্প নেই।
বিগত সতেরো বছরের গুম খুন এবং মিথ্যা মামলার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন জুলাই সনদের পেছনে অসংখ্য সহযোদ্ধার আত্মত্যাগ ও নেতাকর্মীর যন্ত্রণার ইতিহাস রয়েছে।
বিরোধী দলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি মন্তব্য করেন তারা হয়তো ভিন্ন পথে ফ্যাসিবাদীদের ফিরিয়ে আনার পথ সুগম করার চেষ্টা করছেন। তবে জুলাই বিপ্লবীরা তা হতে দেবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এনএন/ ৫ এপ্রিল ২০২৬









