গৌরনদীতে ফিলিং স্টেশনে তেলের লরিতে আগুন, চালকের সাহসিকতায় রক্ষা

বরিশাল, ৫ এপ্রিল – বরিশালের গৌরনদীতে একটি ফিলিং স্টেশনে প্রবেশের সময় জ্বালানি তেলবাহী একটি লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে চালক দ্রুততার সঙ্গে গাড়িটি স্টেশন থেকে বের করে নেওয়ায় একটি বড় ধরনের দুর্ঘটনা থেকে এলাকাটি রক্ষা পেয়েছে।
রোববার বিকেলে গৌরনদী নাহার সিনেমা হল সংলগ্ন সেন্ট পিটার ফিলিং স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম জানান পদ্মা ডিপোর পেট্রোলবোঝাই ওই লরিটি তেল সরবরাহের উদ্দেশ্যে সেন্ট পিটার ফিলিং স্টেশনে প্রবেশ করছিল। ঠিক সে সময় আকস্মিকভাবে তেলের লরিটিতে আগুন ধরে যায়। পরিস্থিতি বেগতিক দেখে চালক তাৎক্ষণিকভাবে লরিটি ফিলিং স্টেশনের সামনের গৌরনদী থেকে আগৈলঝাড়াগামী সড়কে নিয়ে আসেন।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম জানিয়েছেন পুরো বিষয়টি বর্তমানে তদন্ত করে দেখা হচ্ছে।
এনএন/ ৫ এপ্রিল ২০২৬









