হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ওমান ও ইরানের বৈঠক

তেহরান, ৫ এপ্রিল – মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার উপায় খুঁজতে বৈঠক করেছে ওমান ও ইরান।
রোববার ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী পর্যায়ের এই বৈঠকে বিশেষজ্ঞদের উপস্থিতিতে হরমুজ প্রণালিতে নিরাপদ ও নির্বিঘ্ন নৌ চলাচল নিশ্চিত করার সম্ভাব্য বিকল্প নিয়ে আলোচনা হয়েছে।
উভয় পক্ষের বিশেষজ্ঞরা এ বিষয়ে বেশ কিছু প্রস্তাব ও পরিকল্পনা উপস্থাপন করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান এই প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে। এর ফলে কার্যত বন্ধ হয়ে গেছে বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ।
সাধারণ সময়ে বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল এই পথ দিয়েই পরিবহন করা হয়। সংঘাতের প্রভাব এরই মধ্যে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহ ও নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
এর আগে ইরান জানিয়েছিল যুদ্ধ শেষ হলে ওমানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি শান্তিকালীন প্রটোকল প্রণয়ন করা হবে। এর মাধ্যমে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়মকানুন নির্ধারণ করা হবে।
এদিকে ইরানের পার্লামেন্টের একটি কমিটি প্রণালি ব্যবহারকারী জাহাজের ওপর টোল আরোপ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার একটি প্রস্তাবও অনুমোদন করেছে।
বিশ্লেষকদের মতে এই আলোচনা হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকায় তাৎক্ষণিক কোনো সমাধান এখনো অনিশ্চিত।
এনএন/ ৫ এপ্রিল ২০২৬









