জাতীয়

ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়ক ১০ লেন করার সম্ভাব্যতা যাচাই চলছে

ঢাকা, ৫ এপ্রিল – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে এর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলমান রয়েছে। রবিবার জাতীয় সংসদে কুমিল্লা ৬ সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী জানান, মহাসড়কটির উন্নয়ন এবং বিশেষ করে পদুয়াবাজার এলাকার যানজট নিরসনে সরকার বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে। বিদ্যমান বাজেটের সঙ্গে সমন্বয় করে সেখানকার বর্তমান ওভারপাসটি সম্প্রসারণের জন্য ইতোমধ্যে নকশা প্রণয়ন করা হয়েছে। এই নকশা অনুযায়ী কাজটি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন, যা ওই এলাকার যানজট সমস্যার একটি স্থায়ী সমাধান আনবে।

শেখ রবিউল আলম আরও উল্লেখ করেন, ১০ লেনে উন্নীত করার প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের পাশাপাশি সেখানে আরও তিনটি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। পদুয়াবাজারে যে ইউলুপের কথা বলা হচ্ছে, বর্তমান ইন্টারসেকশনের অধীনে সেখানে আরও দুটি আন্ডারপাস নির্মাণ করা হবে। ফলে ওই অঞ্চলে মোট পাঁচটি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে।

বর্তমানে বিশদ নকশা প্রণয়নের কাজ চলছে এবং পরবর্তীতে ডিপিপি উপস্থাপন করে সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পূর্ববর্তী সরকারের আমলের প্রকল্পগুলো সম্পর্কে মন্ত্রী বলেন, ওই প্রকল্পগুলোতে যতটুকু সংশোধন প্রয়োজন, সরকার ততটুকুই করছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সংসদ সদস্যের মাধ্যমে বিষয়টি অবগত হয়ে তিনি তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়ের সচিব ও সড়ক ও জনপথ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠান। তারা সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে এসব কাজের দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাবে বলে মন্ত্রী আশ্বস্ত করেন।

এস এম/ ৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language